
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ২:২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ এনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লালরায়, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজুদেব রিটন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মসদুর রহমান মসুদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান সুজাত, সাধারণ সম্পাদক আকাশ জুয়েলসহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের ১৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে বাদী হয়ে বুধবার (১৪ আগস্ট) রাতে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার।
জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন (৪ আগস্ট) মৌলভীবাজার শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনায় মৌলভীবাজার-৩ আসনের সাবেক দুই এমপিসহ জেলা এবং বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের ১৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, ওই মামলার এজহারে আসামী করা হয়েছে-সাবেক সংসদ সদস্য জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজুদেব রিটন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মসদুর রহমান মসুদ,

শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান সুজাত, সাধারণ সম্পাদক আকাশ জুয়েলসহ ১৫৫ জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে। এছাড়াও ওই মামলায় অজ্ঞাত আরও ২০০ জনকে আসামী করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ৪ আগস্ট রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার শহরের চৌমোহনা, কোর্ট রোড, সেন্ট্রাল রোড, শমশেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতাকে হত্যার উদ্দেশ্যে মারপিট চালায় অভিযুক্তরা। এসময় তাদের হামলায় বহু ছাত্র-জনতা গুরুতর জখমপ্রাপ্ত হন।
সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ আগস্ট জেলা সদরে সাধারণ শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় সাবেক এমপির নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের গুরুতর আহত করা হয়।
থানায় সাবেক এমপি জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি নেছার আহমদসহ হামলায় জড়িত ১৫৫ জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ সময় মামলায় আরও ২০০ জনকে অজ্ঞাত হিসেবে রাখা হয়। শনিবার (১৭ আগস্ট মামলা সর্বশেষ তথ্য জানতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।