
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৪, ২১:৫৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ জানুয়ারি রবিবার। আর ৫ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে সকল প্রার্থীদের প্রচার-প্রচারণা। তাই শেষ মুহূর্তের প্রচারণায় মুখর হয়ে উঠেছে বরিশাল-৪(হিজলা-মেহেন্দিগঞ্জ) নির্বাচনী এলাকা। এ সংসদীয় আসনটিতে নানান জটিলতা কাটিয়ে শেষ মূহুর্তে এসে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন। এর মধ্যে ঈগল পাখি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিজানুর রহমান, ছড়ি প্রতীক নিয়ে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হৃদয় ইসলাম চুন্নু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে একেবারেই সাধারণ যেমন কৃষিজীবী, মৎস্যজীবী, দিনমজুর শ্রেণীর ভোটারদের মন জয় করেছেন স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ। এর বিশেষ কারণ তিনি এর আগেও বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে দু'বারের সংসদ সদস্য ছিলেন একই আসনে। এবার তিনি ঈগল পাখি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি লাঙ্গল প্রতীকের মোঃ মিজানুর রহমান এবং ছড়ি প্রতীকের হৃদয় ইসলাম চুন্নু ভোটারদের কাছে আনকোরা হলেও প্রতিদ্বন্দ্বিতায় তারাও রয়েছেন শক্ত অবস্থানে। তাই প্রচারণার শেষ লগ্নে এসে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীগণ।

এ সংসদীয় আসনটিতে ১৪৯ টি ভোটকেন্দ্রে রয়েছে। এর মধ্যে হিজলায় ৪৯ টি এবং মেহেন্দিগঞ্জে ১০০টি ভোট কেন্দ্র। ভোটার রয়েছেন ৩,৯২,১৮৭ জন। এর মধ্যে হিজলায় ভোটার রয়েছেন ১,২৯,১৯৭ জন। যার মধ্যে পুরুষ ৬৬,৭২১ জন, মহিলা ৬২,৪৭৬ জন। মেহেন্দিগঞ্জে ভোটার রয়েছেন ২,৬২,৯৯০ জন। এর মধ্যে পুরুষ ১,৩৫,২২৬ জন, মহিলা ১,২৭,৭৬৪ জন। নিজেকে বিজয়ী করতে এই তীব্র শীত উপেক্ষা করেও ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা একটি ভোটের আশায়।