
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ২:৫৯

টাঙ্গাইল-৫ (সদর) আসনের নৌকার মিছিলে বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকদের গুলির অভিযোগ উঠেছে। গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।
আজ সোমবার বিকেলে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন আহত রোকনের বাবা ফজলুল রহমান। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
গুলিতে আহতরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক ও সিয়াম। তাদের উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক ও আকাল মিয়া আকালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মামুন অর রশিদ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন তার কর্মী-সমর্থকদের নিয়ে এই নির্বাচনের পরিবেশ বানচাল ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
রবিবার রাতে বাঘিল এলাকায় নৌকার মিছিলে তারা অতর্কিত গুলিবর্ষণ করে। সেখানে বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকন ও আমাদের কর্মী এমদাদুল হক ও সিয়াম গুলিবিদ্ধ হয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে রেফার করা হয়েছে। তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

’
দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অনুরোধ জানান।
স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, ‘আমার কোনো নেতাকর্মী এ ঘটনার সাথে জড়িত নয়। তারা নিজেরাই এই নাটক সাজিয়ে নির্বাচনে যেন ভোটাররা মাঠে না আসে সে ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেব। আমার নেতাকর্মীরা কখনোই এ ধরনের হামলা করবে না।
নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেওয়া আছে। গত কয়েক দিনে আমার বেশ কয়েকজন নেতাকর্মীর ওপর হামলা করে আহত ও অফিস ভাঙচুর করেছে নৌকার প্রার্থীর লোকজন। সুষ্ঠু তদন্ত করে কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা বের করার দাবি করছি।’
টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে আরো ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন এক আহতের পিতা। স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থীর দুই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলমান রয়েছে।’