
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ৪:২৪

মহান বিজয় দিবস উপলক্ষে শুরু হয় লাল-সবুজের পতাকা বিক্রির উৎসব। তা চলে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত। ডিসেম্বরের শুরু থেকেই পতাকা বিক্রিতে নামেন মৌসুমী বিক্রেতারা। বিভিন্ন জায়গায় সড়কে সড়কে ঘুরে এসব পতাকা বিক্রি করেন তারা।
তেমনি এক লাল সবুজের পতাকা বিক্রেতা বিপ্লব (২৮) তিনি সূদুর কুষ্টিয়া থেকে দেবীদ্বার এসে পতাকা বিক্রি করছেন। বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) বিকেলে দেবীদ্বার নিউমার্কেট এলাকায় পতাকা বিক্রয়কালে কথা হয় তার সাথে। এসময় তিনি জানান, ৭ জনের একটি টিম পতাকা বিক্রির জন্য কুষ্টিয়া থেকে এখানে এসেছেন তারা। বিগত ৭/৮ বছর যাবৎ তিনি ডিসেম্বরের শুরু থেকে কুমিল্লার বিভিন্ন এলাকায় ঘুরে পতাকা বিক্রি করে থাকেন এবং ১৬ই ডিসেম্বর রাতে তিনি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে অন্য বছরের তুলনায় এবছর বেচা বিক্রি খুব একটা ভালো নয় বলেও জানিয়েছেন তিনি।

তার কাছে রয়েছে বিভিন্ন মাপের লাল-সবুজের পতাকা, মাপ অনুসারে দামেও রয়েছে ভিন্নতা। যেমন- পাঁচ ফিটের পতাকা ১০০ টাকায় বিক্রি করছেন, সাড়ে ৩ ফিটের পতাকা ৭০-৮০ টাকা, আড়াই ফিটের পতাকা ৫০ টাকা, দেড় ফিটের পতাকা ৩০ টাকা, ১ফিটের পতাকা ২০ টাকা। তাছাড়া মহান বিজয় দিবস অঙ্কিত লেমন ১০ টাকা, কাঠি পতাকা ১০ টাকা ও রাবার ব্যান্ড ১০ টাকায় বিক্রি করছেন।