
প্রকাশ: ৬ আগস্ট ২০২৩, ১:৪৬

মাদারীপুরে ডেঙ্গুতে আরিফা আক্তার নামের ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬আগষ্ট) দুপুরের দিকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।
আরিফা আক্তার সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রাদারবাড়ি এলাকার ইতালি প্রবাসী জহুরুল খানের মেয়ে এবং স্থানীয় ৬৬ নম্বর নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, গত ১ আগস্ট ইতালি প্রবাসী বাবা জহিরুলকে বিদায় দিতে পরিবারের সাথে ঢাক এয়ারপোর্টে যায় শিশু আরিফা বাবাকে বিদায় দিয়ে মাদারীপুর চলে আসে আরিফা। আসার একদিন পরেই রাতে প্রচন্ড জ্বর আসে আরিফার। একদিন পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করা হলে শিশুটির ডেঙ্গু ধরা পড়ে। এরপর শনিবার সকাল ৯টার দিকে শিশু আরিফাকে তার পরিবার ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। এ সময় শিশুটি প্রচন্ড জ্বর, বমি আর ডায়েরিয়া রোগে আক্রান্ত ছিল। মধ্যরাতে আরিফার শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে রোববার সকালে ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
হাসপাতালের শিশু কনসালটেন্ট মো. মনিরুজ্জামান বলেন, আমাদের হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম কোন শিশুর মৃত্যু হলো। বিষয়টি আমাদের জন্য দুঃখজনক। শিশুটিকে বাচানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। এই রোগের জন্য সব ধরণের চিকিৎসাও আমরা দিয়েছি।
