
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০:২৯

স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদককে হুমকি, ব্যবস্থাপনা সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, দৈনিক জবাবদিহি ও আমাদের অর্থনীতির সাংবাদিকদ্বয়কে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও মায়ের হাসি ক্লিনিক মালিক ও সাবেক মেয়র মতুর বিচার দাবীতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।
রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযমের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধশত সাংবাদিক ও প্রজন্ম সুশীল সমাজের ব্যানারে একটি সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু, বাংলা নিউজের প্রতিনিধি জুলফিকার আলী কানন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ রবি এবং প্রজন্ম সুশীল সমাজের প্রতিনিধি জি এফ জুয়েল সহ প্রমুখ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

বক্তারা বলেন, সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু একজন দুর্নীতি পরায়ন ও ক্ষমতালিপ্সু ব্যক্তি। তার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতির মামলাসহ দেড় ডজন মামলা চলমান। এখনো আদালতে চলমান। কথায় কথায় মানুষকে হুমকী প্রদান ও মামলা করা মতুর প্রধান কাজ। এজন্য এই শহরে তাকে মামলাবাজ মতু হিসেবেই চেনে। সে মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার সীমানা নির্ধারণী মামলা করে একটানা ১৪ বছর পৌরসভার ক্ষমতায় আসীন ছিলেন। তার উগ্র আচরণ মানুষকে সব সময় আহত করে।
সাংবাদিক হারুন অর রশিদ রবি বলেন, মেয়র মতু ১৪ বছর মেয়রগিরি করেছেন মামলাবাজি করে। উনাকে আমি মামলাবাজ হিসেবেই চিনি। আজ আমি উদাত্ত আহবান জানাই, তিনি মেয়র হওয়ার আগে কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন এবং মেয়র হওয়ার পর কি পরিমাণ সম্পদের মালিক হয়েছে তার হিসাব নেওয়ার জন্য।
মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন বলেন, মোতাচ্ছিম বিল্লাহ মতু আপনাকে বলছি, কোন দুর্নীতিবাজ হুমকি দিয়ে সাংবাদিকের কলম থামাতে পারেনি। আপনিও পারবেন না। আপনার সকল অপকর্মের কথা মেহেরপুরের সকলে জানে। আপনার সম্পর্কে পত্রিকার মাধ্যমে মেহেরপুর মানুষ আরো জানবে।