
প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০:১২

বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। শনিবার দুপুর ২টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছয়মাইলস্থ ইউনিক পেট্রোল পাম্প সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শরিা জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা গুনগুন ট্রাভেলস্ এর একটি যাত্রীবাহি বাসের (মেট্রো-ব ১৫-০১৬০) সাথে বাবুগঞ্জ উপজেলার মানিককাঠির উদ্দেশ্যে যাওয়া একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির হেলপার বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর বাদামতলা এলাকার বাসিন্দা মোঃ নাদিমের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত পাঁচজনকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হলে এয়ারপোর্ট থানাধীন ছয় মাইল রাজমাথা গ্রামের বাসিন্দা কালাম হোসেনের ছেলে ট্রলিচালক এমদাদুল হক (৩২) কে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এয়ারপোর্ট থানাধীন কলসগ্রামের বাসিন্দা ফারুক হোসেনের ছেলে মো. সিনবাদ (২৫)।
আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন, কলসগ্রামের বাসিন্দা ফারুক হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৭), উজিরপুরের ইউসুফ আলীর ছেলে মো. নাসির উদ্দিন (৩৫) এবং বাকেরগঞ্জের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মো. হামিম হাওলাদার (৩৫)।


বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ট্রলি চালক এমদাদকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আর আহত ৩ জন শেবাচিম হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে বাসের কোন যাত্রী আহত হয়নি জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, বাসের চালক ও সহকারী পালিয়েছেন। তবে বাস ও ট্রলি আটক করা হয়েছে।