
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ৬:৩৫

মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর শনিবার। এদিন সকাল সাড়ে ৮টায় দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে। এরই মধ্যে আবহাওয়া অধিদফতর জানিয়েছে কাল বজ্রসহ ঝড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় খোলা মাঠে ঈদ জামাত আদায়ে কিছুটা পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২১ এপ্রিল) রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর পক্ষ থেকে জানানো হয়, ‘যে কোনো মাত্রার বৃষ্টিতে জাতীয় ঈদগাহ ময়দানে জামাত হবে। তবে ঝড় হলে তাৎক্ষণিক সিদ্ধান্তে বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান জামাত হবে।’
এদিকে প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। তবে জাতীয় ঈদগাহে আসার সময় দেশলাই অথবা লাইটার সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছেন ডিএসসিসি মেয়র। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের কারণে সবাইকে সতর্কতামূলক অবস্থানে থাকার জন্য তিনি এ আহ্বান জানান।
প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।ঈদের প্রথম জামাত শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন ক্বারী মো. ইসহাক মুয়াজ্জিন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে, এতে ইমাম হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।

সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে, এতে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী ইমাম থাকবেন এবং মুকাব্বির হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান থাকবেন।
চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক ইমাম হিসেবে থাকবেন এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ।
সর্বশেষ ও পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এ জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম, হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম এবং মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।এসব জামাতে পূর্ব নির্ধারিত কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।