
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ৪:৩৯

টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে বাসটি মহাসড়কের পাশেই রেললাইনের উপর উঠে পড়েছে। এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে প্রায় দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাঙ্খা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় কমপক্ষে দশজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দূর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। পরে দূর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ইউনিটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় বাসটি মহাসড়কের কামাঙ্খা মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশেই রেললাইনের উপর উঠে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং ) রেজাউল করিম জানান, বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে বাসটি রেললাইনের উপর উঠে পড়ে। দূর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে ভারতের মৈত্রী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে বাসটি রেললাইন থেকে অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই ) মশিউর রহমান বলেন, দূর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে বাসটির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও রেললাইনে উঠা বাসটি সরানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি