
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৩, ২১:২১

আছে নতুন ভবন রয়েছে বিদ্যুৎও কিন্তু ভবনটিতে নেই টয়লেট সহ সুপেয় পানির ব্যবস্থা। টয়লেট না থাকায় বিদ্যালয়ে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বরিশালের হিজলা উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ শিক্ষার্থীরা।
বুধবার ৫ এপ্রিল সকাল এগারোটায় কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সাথে। তিনি প্রতিবেদককে জানান, পুরাতন টিন সেটের বিদ্যালয়টি নদীতে ভাঙার কারণে গত বছরের(২০২২) এপ্রিল মাসে এই নতুন ভবনটিতে ক্লাস চালু করেছেন তারা। মাঠসহ ৩৩ শতাংশ জমির উপরে ভবনটি নির্মিত হয়েছে। একতলা এই ভবনে পাঁচটি কক্ষ রয়েছে, আছে বিদ্যুৎ ব্যবস্থাও।
বিদ্যালয়ে তিনি সহ পাঁচজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে শিক্ষিকা রয়েছেন দুইজন। শিক্ষার্থী রয়েছে ১১৩ জন। কিন্তু বিদ্যালয়ে নেই টয়লেট, নেই সুপেয় পানির ব্যবস্থা। টয়লেট না থাকায় বিদ্যালয়ে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষকসহ শিক্ষার্থীরা। প্রাকৃতিক ডাকে সারাদিতে বিদ্যালয়ের পাশে মাতুব্বর বাড়িতে গিয়ে কাজ সারতে হয়।

উক্ত ব্যাপারে জানতে চাইলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আহমেদ খান বিষয়টি স্বীকার করেন এবং বলেন, বিষয়টি আসলেই লজ্জার এবং কষ্টদায়ক। এই প্রজেক্টের ভবন গুলোতে টয়লেট থাকে না। তাছাড়া এই ভবন গুলোর কার্যক্রম তিনটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথম ধাপে ভবন নির্মাণ করে একপক্ষ। দ্বিতীয় ধাপে বেঞ্চ সরবরাহ করে একপক্ষ। আর সুপেয় পানি ও টয়লেট সরবরাহ করে ওয়াশ ব্লক। তবে কবে নাগাদ বিদ্যালয়ে টয়লেট নির্মাণ হবে, সে ব্যাপারে তিনি কোনো কথা বলেননি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি