
প্রকাশ: ৩ এপ্রিল ২০২৩, ২৩:৫৪

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিত্তিহীন মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে হেয় করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম। সোমবার বিকেলে ওসির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ওসি নজরুল ইসলাম বলেন, গত রোববার সন্ধ্যায় ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশায় ছয় কেজি গাঁজা পাওয়া যায়। এসময় অটোরিকশা চালকসহ চার যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে তিন যাত্রী নিরপরাধ বিবেচিত হওয়ায় রাতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় মো. মোসারফ হোসেন সওদাগর নামক এক ফেসবুক আইডি থেকে ‘ব্রেকিং নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ ৫ জনকে আটক করেন বিকাল ৫ ঘটিকায় পরে থানায় দফারফা করে ওসি সাহেব মোটা অংকের টাকার বিনিময়ে ৩জনকে রাত ১২ টা ২০ মিনিটে ছেড়ে দেন। বিস্তারিত পত্রিকায় চোখ রাখুন।' লিখে পোষ্ট দেওয়া হয়।
এরূপ ভিত্তিহীন মিথ্যা ও মানহানিকর তথ্য ফেসবুকে প্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করেছেন ওই আইডি ব্যবহারকারী। আমি উক্ত মানহানিকর পোষ্টটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে। কর্তৃপক্ষের দিক নির্দেশনা পেলে উক্ত ফেসবুক আইডি ব্যবহারকারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
