
প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ২৩:৪৬

র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ সমাজতান্তিক দল বাসদ এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ এর জেলা শাখার আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি কালিপদ সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মিজানুর রহমানসহ প্রমুখ।
মানববন্ধনে জয়নাল আবেদীন মুকুল বলেন, সুলতানা জেসমিন কোন অন্যায় করে থাকলে দেশের প্রচলিত আইনের ধারায় তার বিচার করা যেত। কিন্তু তাকে আটকের আগে পর্যন্ত তার বিরুদ্ধে কোন থানায় কোন অভিযোগ ছিল না। তার বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা ছিল না। শুধু একটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে অন্যায় করেছে র্যাব।
জয়নাল আবেদীন মুকুল বলেন, একজন আসামিকে গ্রেফতার করার জন্য উচ্চ আদালতে যে আইন আছে, নির্দেশনা আছে, সেই উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করেছে র্যাব। সুতরাং তারা আদালতকে অবমাননা করেছে। এর বাইরে দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে র্যাব সুলতানা জেসমিনকে নওগাঁ শহর থেকে তুলে নিয়ে গেছে। আজকে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে এবং আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।

তিনি বলেন, ইতিপূর্বে র্যাবের যে কর্মকান্ড আমরা দেখেছি তারা সত্য ঘটনা’কে ধামাচাপা দিয়ে কিভাবে মিথ্যাকে সামনে এনে গুম, খুন ও হত্যাকে তারা জায়েজ করার চেষ্টা করেছে। তারই প্রতিফলন নওগাঁয় দেখা গেল। র্যাবকে এসব কর্মকান্ড থেকে সরে আসার আহবান জানান তিনি।
এর পিছনে ব্যাক্তিগত কোন স্বার্থ থাকতে পারে উল্লেখ্য করে অতিলম্বে এই ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে আটক করা হয় সুলতানা জেসমিনকে। এরপর শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহকারী পদে চাকরি করতেন। র্যাবের ভাষ্য- সুলতানা জেসমিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল।