
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ৩:১৩

কুমিল্লা দেবীদ্বার উপজেলার আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তী অবশেষে দেবীদ্বার থেকে চলে গেলেন। সোমবার বিকেলে তিনি দেবীদ্বার'র নবাগত ইউএনও নিগার সুলতানাকে চার্জ বুঝিয়ে দিয়ে বিদায় নেন।
গত ১৭মার্চ চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় তাকে সর্বশেষ বদলি করা হয়েছে। এর আগে তাকে গত ৭ মার্চ ফেনীর দাগনভূঁঞা উপজেলা ও গত ৭ ফ্রেবুয়ারী বর্তমান পদায়নস্থল খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বদলি করা হয়েছিলো।
সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি স্ট্যান্ড ইজারা, সরকারি অনুষ্ঠানে প্রোটোকল ভেঙে রাজনৈতিক নেতাদের অতিথি করা, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সভায় যোগদান করতে বাধ্য করা, স্থানীয় সাংবাদিকদের মোবাইল নম্বর ইউএনও'র সরকারী মোবাইল ফোন নম্বরে ব্লক ও উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক থেকে আনফ্রেন্ড করাসহ নানা অভিযোগ রয়েছে ডেজী চক্রবর্তীর বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১ ডিসেম্বর ডেজী চক্রবর্তী দেবীদ্বারের ইউএনও পদে যোগদান করেন। এর পর থেকেই বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে সমালোচনার মুখে পড়েন তিনি। এ উপজেলায় সাড়ে ৩ মাসের কর্মজীবনে গণমাধ্যমের অসংখ্য সংবাদের শিরোনাম হন ইউএনও ডেজী। দেবীদ্বারে যোগদানের দুই মাসের মধ্যেই প্রশাসনিক কর্মকান্ডে সমন্বয়হীনতার অভিযোগে গত ৭ ফেব্রুয়ারি তাকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ও ৭ মার্চ ফেনীর দাগন ভূঁঞা উপজেলায় বদলি করা হয়েছিল। ওই বদলির স্থগিতাদেশে এতদিন স্বপদে বহাল ছিলেন ডেজী।
সোমবার সন্ধ্যায় তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা।