
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৭

নাচ-গান, আবৃত্তি, নাটক মঞ্চায়নসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে বসন্তকে বরণ করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পহেলা ফাল্গুন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আয়োজনে চলছে বসন্ত উৎসব।
ঋতুরাজ বসন্ত এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রাঙিয়ে দিয়েছে বর্ণাঢ্য রং আর উৎসবের আনন্দময়তায়। শিক্ষক-শিক্ষার্থীদের হৃদয় মিলিছে প্রীতির নিবিড় বন্ধনে। ক্লাস কিংবা পরীক্ষা যাই হোক না কেন তারা বেছে নিয়েছেন বসন্তের উপযোগী পোশাক। শিক্ষীকা ও ছাত্রীদের পরনে বাসন্তী, লাল বা সবুজ রঙের শাড়ি অথবা সালোয়ার কামিজ। গোলাপ, গাঁদা, মল্লিকা দিয়ে সেজেছেন তাঁরা। হাতের কবজি, বাহু বা খোঁপায় জড়িয়েছেন এসব রঙিন ফুলের মালা। অন্যদিকে ছাত্র-শিক্ষকদের পরিধানে বাহারি রঙের পাঞ্জাবি।

নববসন্তের দিনগুলোকে আরও আনন্দময় করে তুলতে বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বসন্ত উৎসব ১৪২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এর আগে বুধবার ‘আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে’ স্লোগানকে সামনে রেখে মুজিব মঞ্চে বসন্ত উৎসব পালন করেছে বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিন বাংলা বিভাগের উদ্যোগে ভাষা শহীদ রফিক ভবন চত্বরে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। চিত্রনায়ক আরেফিন শুভর উপস্থিতি উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি