প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ২০:১৬

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যেই এসব পরীক্ষার ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।
সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশের পুরো কার্যক্রম ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করা হবে।
এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, এ বছর সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী। আর দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনায় তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফল প্রকাশের দিনই শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হলো।
ডিসেম্বরের মধ্যে পরীক্ষা ও ফল প্রকাশের কার্যক্রম শেষ হলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা দ্রুত পরবর্তী শিক্ষাজীবন নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আশা করা হচ্ছে। তবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হবে।