
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ৩:১৪

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের দক্ষিণপাড়ায় গত (২২শে নভেম্বর) শরীফ হুজুরের বাড়িতে ডাকাতির ঘটনা জামায়াত শিবির ও বিএনপির ষড়যন্ত্রমূলক সাজানো নাটক এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গাংনী পৌর এলাকার (১ নং ওয়ার্ড) বাঁশবাড়ীয়া বাজারে (২৭শে ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাঁশবাড়ীয়া গ্রাম আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।
লিখিত বক্তব্যে আব্দুল হামিদ বলেন, গত (২২শে নভেম্বর) বাঁশবাড়ীয়া গ্রামের বাসিন্দা শরিফ উদ্দীন হুজুরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনাটি জামায়াত বিএনপির সাজানো ষড়যন্ত্রমূলক নাটক। মিথ্যা ডাকাতির মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০/১২ জন নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করে অমানুষিক নির্যাতন ও পুলিশি হয়রানি, জেল হাজত খাটিয়ে প্রচুর অর্থদন্ড এবং
মানসম্মান নিয়ে ছিনিমিনি খেলে তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিত্রার্থ করা হচ্ছে।

ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে শরীফ হুজুরের বাড়িতে ডাকাতি হয়েছে কিনা তাও সন্দেহজনক। গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শিবিরের ক্যাডার ও জামায়াত নেতা। শরীফ এবং আলমগীর কাউন্সিলর ও কয়েকজন জামায়াত বিএনপির নেতাকর্মীরা গোপন বৈঠক করে ষড়যন্ত্রের মাধ্যমে সাজানো ডাকাতির ওই ঘটনায় শরিফ হুজুর স্কুলছাত্র, প্রবাস ফেরত শ্রমিক, কৃষক সহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেন। এ মিথ্যা মামলার প্রত্যাখান করতে সরকার প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শামসুদ্দিন ও মিজানুর রহমান মদন, বাঁশবাড়ীয়া বাজার কমিটির সভাপতি শামসুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বাঁশবাড়ীয়া গ্রাম আওয়ামী লীগের সভাপতি রহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন।