
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ২৩:৫৭

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে সূর্যদয়ের সাথে সাথে জেলা পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা করা হয়।
সকাল সাড়ে ৬টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
যেখানে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বরিশাল জেলা ও মহানগর শাখা, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা পুলিশের সুপার (এসপি) ওয়াহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর ও প্রতিষ্ঠান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।
অপরদিকে এখানে শ্রদ্ধা জানানো শেষে শহরের ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেইসাথে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলামের কবর জিয়ারত ও দোআ-মোনাজাত করা হয়।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বরিশালের সব সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যক্তি মালিকানাধীন গুরুত্বপূর্ণ ভবনগুলো জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। এসময় জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের কুচকাওয়াজের উদ্বোধন করা হয়। এরপর কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়। কুচকাওয়াজে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, আর্মড ব্যাটালিয়ন, বরিশাল জিলাস্কুল, সরকারি বালিকা (সদর গার্লস) বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
পাশাপাশি বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র’র ২০তম প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া নগরে আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীরা পৃথক বিজয় র্যালি বের করে।

এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেন। সকালে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের উপস্থিতিতে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যামে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট কর্তৃক গার্ড অব অনার গ্রহণ করেন উপাচার্য। সকাল ১০টায় উপাচার্য এর নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিজয় র্যালি ।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর পুষ্পস্তবক অর্পণে অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বিভিন্ন বিভাগ, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকার, ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এদিকে দিনের বিভিন্ন সময়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে নৌ-বাহিনীর জাহাজ প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত, হাসপাতাল, জেলখানা, এতিমখান, সরকারি শিশু পরিবার, দুঃস্থ মহিলাদের আশ্রয়কেন্দ্রসহ অনুরুপ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।