
প্রকাশ: ১৩ জুন ২০২২, ৪:১৮

'মহানবীকে অবমাননা, সইবোনা-সইবোনা' এই ধ্বনিতে প্রকম্পিত টেকনাফের আকাশ বাতাস। পাশের দেশ ভারতে নবী (সা:) ও মা আয়েশার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে টেকনাফে অনুষ্ঠিত সমাবেশে ওই শ্লোগানে হাজার হাজার জনতা অংশ গ্রহন করেন।
সোমবার (১৩ জুন) দুপুর ২ টায় টেকনাফ বাস ষ্টেষন চত্বরে টেকনাফ উপজেলা ওলামা পরিষদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, প্রিয় রাসুল হযরত মুহাম্মদ (সা:) ও উম্মুল মুমিনীন মা আয়েশা ছিদ্দিকা (রা:) এর শানে অবমাননাকর মন্তব্য করে মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। তাদের শাস্তির দাবীতে টেকনাফের আপমর জনতা ঐক্যবদ্ধ হয়েছে। প্রয়োজনে ভারত অভিমূখে লংমার্চের ডাক আসতে পারে, সে সময় সর্বস্থরের জনতাকে ঝাঁপিয়ে পড়তে হবে।

এছাড়া বক্তারা নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃৃক বিশ্ব নবী হযরত মোহাম্মদ(সা:) ও উম্মুল মু-মিনীন হযরত আয়েশা (রা:) এর শানে অবমাননাকর মন্তব্য কারীদের শাস্তি নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানান। শীঘ্রই ভারতের রাষ্ট্রদূতকে তলব ও চলতি সাংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাবেরও দাবী জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, আল্ জামিয়া আল ইসলামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মো: কিফায়ত উল্লাহ শফিক, হ্নীলা দারুস্সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা আফসার উদ্দিন, উত্তর লম্বরী মাদরাসা ও হিফয খানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুল হক হক্কানী, সাবরাং দারুল উলুম বড় মাদরাসার মুহতামিম মাওলানা নুর আহমদ, লেদা মাদরাসা ইবনে আব্বাস(র:) এর মুহতামিম ক্বারী শাকের আহমদ, সাবরাং কাটাবনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুনির আহমদ, সাবরাংয়ের মাওলানা ছলিম উল্লাহ প্রমুখ।
সমাবেশে হাজার হাজার আম-জনতা মিছিলে মিছিলে অংশ গ্রহন করেন। এসময় আল্লাহু আকবর ধ্বনিতে পুরো টেকনাফ প্রকম্পিত হয়ে উঠে।