
চুয়াডাঙ্গায় এক বছর বয়সী শিশুর কামড়ে একটি সাপ মারা গেছে বলে দাবি করা হচ্ছে। মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে।পরে জান্নাতুল ফেরদৌস নামে ওই শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উজলপুর গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।
শিশুটির মা শিলা খাতুন বলেন, মঙ্গলবার সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে খেলছিল জান্নাতুল। খেলতে খেলতে একপর্যায়ে দুজনেই ঘাটের নিচে চলে যায়। এসময় ঘটের নিচে থাকা একটি সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চাসহ ঘাটের নিচ থেকে বের হয়ে আসে সে।

তিনি আরও বলেন, দ্রুত উদ্ধার করে জান্নাতুলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকের কাছে দেওয়া হয়েছে।জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন বলেন, সাপটিকে মৃত অবস্থায় আনা হয়। শিশুটিকে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তার অবস্থা শঙ্কামুক্ত।
কোনো ট্যাগ পাওয়া যায়নি