সরকার নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফরমায়েশি ইতিহাস লিখছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপি ও নজিপুর পৌর যুবদলের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার নজিপুর পৌরসভার সরদারপাড়া এলাকায় এ কর্মসূচি এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
এসময় মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যুদ্ধের প্রথম দিকে কোন নেতৃত্ব ছিল না। রাজনৈতিক ব্যক্তিরা যখন এগিয়ে আসেননি, তখন জিয়াউর রহমান প্রথমে নিজে, পরে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন। পরবর্তীতে একজন সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে অসম সাহসাকিতার প্রমাণ রেখেছেন।কিন্তু এই সরকার সে ইতিহাস স্বীকার করে না।
মেজর হাফিস আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে মানুষ রুখে দাঁড়িয়েছিলো সেভাবে রাতের ভোটে নির্বাচিত এই সরকারকে রুখে দাঁড়ানোর জন্য উপস্থিত বিএনপি কর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান বিএনপির এই নেতা।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকছেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব দলের সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট। আলোচনা সভা শেষে অসহায় ও দুঃস্থদের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়।