
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০:৫৫

দিনাজপুরের হিলি রেলস্টেশনটির ক্লোজ ডাউন (সাময়িক বন্ধ) প্রত্যাহার করে আবারো চালু হয়েছে। এতে প্রাণ ফিরে পেয়েছে স্টেশনটি। বাড়তে শুরু করেছে যাত্রীদের আনাগোনা।
জানা গেছে, কোন রকমের পূর্ব ঘোষণা ছাড়াই জনবল সঙ্কটের কারণ দেখিয়ে গত ৩১ মার্চ হিলি রেলস্টেশনের ক্লোজ ডাউন করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশন মাষ্টারসহ কয়েকজন ষ্টাফকে প্রত্যাহার করে নেয়া হয়। বন্ধ হয়ে যায় হিলি রেল স্টেশনের কার্যক্রম। গত ১২ দিন ধরে ট্রেন দুই নম্বর লাইনে দাঁড়াতো। কিন্তু আজ ক্লোজ ডাউন প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে ট্রেন পূর্বের নিয়মে ১ নং লাইনে দাঁড়াচ্ছে। ভোগান্তি কমেছে যাত্রীদের। তবে ঢাকাগামী কয়েকটি ট্রেনের ষ্টপেজের দাবি যাত্রীসহ স্থানীয়দের।

হিলি রেলস্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে হিলি রেল স্টেশন চালু করা হয়। জনবল সংকটের কারণ দেখিয়ে ৩১ মার্চ হিলি রেল স্টেশন মাস্টারকে বদলি করা হলে স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। বিশেষ করে হিলি থেকে রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা ছাত্র-ছাত্রী এবং চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ নানা কারণে ভারতে যাওয়া-আসা করা যাত্রীসহ ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল।
স্থানীয় এলাকাবাসী আরমান হোসেন বলেন, আবারো হিলি রেল স্টেশনটিতে ১নং প্লান্টফর্মে ট্রেন দাঁড়াছে। যাত্রীদের আর ভোগান্তি পোহাতে হচ্ছে না । হিলি রেলস্টেশনে যোগদান করা স্টেশন মাষ্টার তপন চক্রবর্তী জানান, এই রেলস্টেশনটির জনবল সংকটের কারনে ক্লোজ ডাউন করা হয়েছিলো। বর্তমানে সরকার ও রেল কর্তৃপক্ষ বন্ধ হওয়া স্টেশনটি চালু করার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ক্লোজ ডাউন প্রত্যাহার করে নিয়ে পুনরায় স্টেশনটি চালুু করা হয়েছে। স্টেশনটি পরিচালনার জন্য একজন স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, গেইটম্যান, পোর্টার এই স্টেশনে কর্মরত আছেন।