
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ১৭:৩৮

মাদারীপুরে দোকানে ঢুকে হামলা চালিয়ে এক ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে শহরের পুরান বাজার এলাকায় ডালিয়া টেলিকমে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুরান বাজার এলাকার মুরগী ব্যবসায়ী শহিদুল লষ্করের কাছে এক লাখ ১৫ হাজার টাকা পেতেন ডালিয়া টেলিকমের মালিক ইদ্দিস সরদার।
সোমবার সকালে ডালিয়া টেলিকমের মালিক ইদ্দিস সরদার শহিদুলের দোকানে গিয়ে তার পাওনা টাকা চান। শহিদুল টাকা না দিলে ইদ্দিস সরদারের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে পুরান বাজার ব্যবসায়ী সমিতির নেতার বিষয়টি মিমাংসার মাধ্যমে সমাধাণের আশ্বাস দিয়ে ঈদের পরে সময় নির্ধারণ করে দেন। কিন্তু শহিদুল বাজার কমিটির সিদ্ধান্ত না মেনে তার ছেলে সাগর লষ্করসহ তার কয়েক সমর্থক নিয়ে ইদ্দিস সরদারের দোকান ডালিয়া টেলিকমে অতর্কিত হামলা চালায়।
এ সময় দোকানের ক্যাশবাক্স থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে নেয় হামলাকারীরা। হামলাকারীদের বাঁধা দিয়ে গেলে ডালিয়া টেলিকমের ইদ্দিস সরদারের ভাইপো সিয়াম সরদারকে পিটিয়ে আহত করা হয়।ইদ্দিস সরদারের ভাইপো সিয়াম সরদার বলেন, শহিদুল ও তার ছেলে সাগরসহ তিন জন এসে দোকানে অতর্কিত হামলা চালায়। আমাকে আঘাত করে ও দোকানে থেকে সাদে ৬ লাখ টাকা নিয়ে যায়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

এ সম্পর্কে ডালিয়া টেলিকমের মালিক ইদ্দিস সরদার বলেন, আমি শহিদুলের কাছে এক লাখ ১৫ হাজার টাকা পাই। টাকা চাইতে গিয়ে উল্টো ক্ষতি হয়ে গেল আমার। শহিদুর তার ছেলে ও লোকজন নিয়ে আমার দোকানে হামলা চালায়। দোকানে থাকা সাড়ে ৬ লাখ টাকাও ছিনতাই করে নেয়। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয় জানতে চাইলে শহিদুল লষ্কর বলেন, আমি তার দোকানে গেছি অন্য একটা বিষয়ের জন্য। টাকা ছিনতাই মিথ্যে ঘটনা। এর সঙ্গে আমি জড়িত নই।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় ইদ্দিস সরদার থানায় একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।