
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ২১:৫০

পবিত্র মাহে রমজান মাসের আজ প্রথম দিন। শুরুতেই মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রকার ভেদে প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। রমজান মাসের শুরুতে বাজারে সবজির চাহিদা বেড়ে যাওয়ায় এবং সরবরাহ কম থাকায় দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এদিকে রমজানের প্রথম দিনে হঠাৎ সবজির দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাসহ নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে।
রোববার (৩ এপ্রিল) সকালে হিলি স্থলবন্দর এর সবজি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়, পবিত্র মাহে রমজান এর একদিন আগে থেকেই বাড়তে শুরু করেছে সব প্রকার সবজির দাম। শনিবার যে বেগুনের কেজি ছিলো ২৫ থেকে ৩০ টাকা, আজ (রোববার) সেই বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। ২০ টাকার শশা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। এছাড়া ২০ টাকার টমেটোর ৩০ টাকায়, ১৫ টাকা কেজির গাজর ৩০ টাকা এবং ৪০ টাকার পটল ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।এছাড়াও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
বাজারে দাম বেড়েছে কাঁচা মরিচেরও। শনিবার যে মরিচ বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে আজ সেই মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। তবে আলু, রসুন, পেঁয়াজ ও আদার দাম স্বাভাবিক রয়েছে।হিলি বাজারে সবজি কিনতে আসা গৃহবধূ শাহনাজ পারভীন বলেন, রমজান এর শুরুতেই বাজারে সবজির দাম এমন বৃদ্ধি পাবে ভাবি নাই। রমজান মাস শুরু হয়েছে, আজ প্রথম রোজা করতেছি। তবে আজ বাজারে এসে অবাক হলাম গতকাল যে বেগুন ২৫ টাকা নিলাম আজ তার কেজি ৪০ টাকা। লেবু ১০-১২ টাকা হালি(চারটা) সেই লেবু ২০ -২৫ টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতিটি সবজির দাম ঊর্ধ্বমুখী।

বাজারে সবজি কিনতে আসা রিকশা চালক বেলাল হোসেন বলেন, আমরা গরীব মানুষরা ভাল-মন্দ খেতে চাইলে দাম বাড়ে। রোজা শুরু হয়েছে, বাড়ির প্রায় সবাই রোজা আছে। তাই সবজি বাজারে আসলাম বেগুন,গাজর, শশা ও টমেটো নিতে। কিন্তু দুইদিন আগে যে দামে কিনে নিয়ে গিয়েছিলাম আজ দেখি দাম তার প্রায় দ্বিগুণ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, আমরা বিশেষ করে পার্শ্ববর্তী উপজেলা পাঁচবিবি ও বিরামপুর থেকে সবজি পাইকারি নিয়ে এসে এই বাজারে খুচরা বিক্রি করি। মাত্র একদিনের ব্যবধানে বাজারে সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। শুক্রবার ও শনিবারও সব সবজির দাম কম ছিলো। রমজান মাসে সবজির চাহিদা বেশি থাকায় এবং বাজারে সরবরাহ কম হওয়ায় প্রায় সব সবজির দাম বেড়ে গেছে। বেশি দামে কিনে নিয়ে এসে বেশি দামে বিক্রি করছি।