
প্রকাশ: ২ এপ্রিল ২০২২, ১:৪৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে প্রস্তাবিত ইমিগ্রেশন ব্যবস্থা চালুসহ অন্যান্য সমস্যা সমাধনে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটির সাথে মতবিনিময় সভা করছেন সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীরা। শনিবার দুপুরে সোনাহাট স্থলবন্দর সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেবরায়, সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিনসহ স্থলবন্দরের ব্যবসায়ী নেতারা অংশ গ্রহন করেন।
সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত একটি স্মারক লিপি ভারতীয় সহকারী হাই কমিশনারের হাতে তুলে দেওয়া হয়।

স্মারক লিপিতে সোনাহাট স্থলবন্দরে প্রস্তাবিত ইমিগ্রেশন ব্যবস্থা দ্রুত চালু করা, ব্যবসায়ী ভিসা প্রাপ্তি সহজ করা, ভিসার মেয়াদ ৫ বছর করা, দৈনিক ৫০০ থেকে ৬০০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক সোনাহাট স্থলবন্দরে আসতে দেওয়া, বাংলাদেশী পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশকালে হয়রানি বন্ধ করা, জিরো পয়েন্টে দু’দেশের ব্যবসায়ীদের আলাপচারিতা ও কাগজপত্র হস্তান্তরের সুযোগ দেয়ার দাবি তুলে ধরা হয়।
ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি তার বক্তব্যে সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালুসহ অন্যান্য সমস্যা ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করে সমাধানের আশ্বাস প্রদান করেন।