
প্রকাশ: ১ এপ্রিল ২০২২, ২২:২২

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কৃষক পুরস্কার পেয়েছেন ভূরুঙ্গামারী উপজেলার তিনজন কৃষক। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম খামার বাড়ির উপ-পরিচালক শ্রেষ্ঠ কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন।
উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কৃষক পুরস্কার পেয়েছেন ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের জাকির হোসেন। তিনি হেক্টর প্রতি ৩.৬ মেঃ টন বারি-৮ জাতের মসুর ডাল উৎপাদন করেছেন।
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কৃষক পুরস্কার পেয়েছেন বলদিয়া ইউনিয়নের শাহীবাজার গ্রামের রিয়াজুল ইসলাম। তিনি প্রতি হেক্টর জমিতে ১.৭ মেঃ টন তিল উৎপাদন করেছেন।
একই প্রকল্পে শ্রেষ্ঠ কৃষক পুরস্কার পেয়েছেন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের কৃষক আবু বকর সিদ্দিক। তিনি বারি-১৪ জাতের সরিষা চাষ করে হেক্টর প্রতি ২.২ মেঃ টন সরিষা উৎপাদন করতে সক্ষম হয়েছেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম খামার বাড়িতে শ্রেষ্ঠ কৃষকদের পুরস্কার প্রদান করা হয়। এসময় কুড়িগ্রাম খামার বাড়ির উপ-পরিচালক আব্দুর রশিদ, কুড়িগ্রাম পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামসুদ্দিন মিয়া, জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত, সিনিয়ার মনিটরিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তেল বীজ জাতীয় ফসল উৎপাদন করা কৃষকদের পুরস্কার প্রদান করায় এ জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়বে। এতে দুই ফসলী জমি তিন ফসলী জমিতে রূপান্তরিত হবে। এছাড়া বিদেশ থেকে ভোজ্য তেল আমদানি নির্ভরতা হ্রাস পাবে।