
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১৯:২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রয়ের সময় ক্রেতা-বিক্রেতা দুজনকেই ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৪৪ গ্রাম গাঁজা সহ নগদ ১২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়। সোমবার (২৮ মার্চ) রাতে ভূঞাপুর পৌর শহরের কাঁচা বাজারের একটি পানের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গাঁজা ও নগদ টাকা সহ তাদেরকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম। এসময় ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত মাদক কারবারিরা হলেন, ভূঞাপুর পৌর শহরের বীরহাটি গ্রামের হানিফের ছেলে হাসান ও উপজেলার কাগমারী পাড়া গ্রামের খোদা বক্সের ছেলে পানের দোকানদার আকবর আলী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত দুইজন দীর্ঘদিন ধরে পানের দোকানে বসে গাঁজার ব্যবসা করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানার পুলিশ সদস্যদের নিয়ে মাদক কারবারি আকবরের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারণি ২১ মতে ওই দুইজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।তিনি আরও জানান, এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ২০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি