
প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১৯:৮

নওগাঁর মান্দায় মঞ্জুরুল ইসলাম রিপন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নুরুল্ল্যাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে এবং পেশায় একজন কৃষক। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান।
ওসি বলেন, বুধবার রাতে উপজেলার নুরুল্ল্যাবাদ এলাকায় একটি ইসলামী জালসা ছিল। রাতের খাবার খেয়ে রাত সাড়ে ৯টার দিকে মঞ্জুরুল ইসলাম রিপন ইসলামী জালসার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। মধ্যরাতে ইসলামী জলসা শেষ হয়ে গেলেও সে রাতে আর বাড়ি ফিরে নাই।
পরে আজ (বৃহস্পতিবার) তার বাড়ী থেকে আধা কিলোমিটার দূরে একটি ধানক্ষেতের মধ্যে মঞ্জুরুল এর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, রিপন মৃগি রোগে আক্রান্ত ছিলো বলে জানা গেছে। তবে এ রোগে এতো দুরে যাওয়ার কথাও না। মৃতের কানে হালকা একটু রক্তের দাগ আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
