
ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়িতে যাওয়ার পথে বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পথচারী মা ও ছেলের মৃত্যু হয়েছে।আজ সোমবার (৭ মার্চ) সকাল পৌনে ৮ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) ও তার ছেলে মো. রাকিব (১৬)।
জানা গেছে, আজ সকালে মা নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে সাথে নিয়ে পায়ে হেটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকার বাসিন্দা ভাই কুদ্দুস পাহলানের বাড়িতে যাচ্ছিল। তারা আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে পৌঁছালে একটি পিকআপ ভ্যান মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় ওই পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করে এবং মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে।আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ওভারটেক করার সময় পথচারী মা ও ছেলে পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি