
প্রকাশ: ৩ মার্চ ২০২২, ১৮:৩৩

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। এ সময় আরও একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃত ব্যক্তি মুন্সিগঞ্জের গফুরদি গ্রামের ইউসুফ আলীর ছেলে জোনায়েত আলী।
জানা গেছে, বুধবার (২ মার্চ) রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকার সাবেক মেম্বার ইউসুফ আলীর বাড়িতে ডাকাতি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় মসজিদ থেকে ঘোষণা দিলে গ্রামবাসী ধাওয়া দিয়ে একজনকে ৪ নং ওয়ার্ডে বনপারিল ও অন্যজনকে ৬ নং ওয়ার্ডের গোপালখালি এলাকা থেকে ধরে গণপিটুনি দেয়। পরে এ সংবাদ পেয়ে সদর ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তিন ডাকাতকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে সদর থানা পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ডাকাতকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ বলেন, গ্রামবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় এক ডাকাতকে আটক করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
