
প্রকাশ: ১ মার্চ ২০২২, ১:৫০

নাটোরের বাগাতিপাড়া উপজেলার চকগোয়াশ এলাকায় পরিবারের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আবু সালেক আকাশ (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
মঙ্গলবার (১ মার্চ) দুপুরে উপজেলার চকগোয়াশ এলাকার নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আকাশ বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম বকুলের ছেলে ।
বাগাতিপাড়া মডেল থানার (ওসি) সিরাজুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,‘পরিবারের উপর অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
স্থানীয় সূত্রে জানাগেছে,‘নিহত আকাশের বাবা আব্দুস সালাম সকালে অফিসে এবং মা নানির বাড়ি বেড়াতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন আকাশ।

দুপুরে তার বাবা বাড়িতে ফিরে এসে আকাশ কে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় তার ঘরের জানালা খুলে দেখেন আকাশ ফ্যানের সাথে ঝুলে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় আকাশকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।’