
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০:১৫

পটুয়াখালীর মহিপুরে গাছের নিচে চাপা পড়ে মামা নাসির উদ্দিন (৩৫) ও ভাগনে তাইফুর রহমানের (১৯) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাসিরের এবং রাত বারোটার দিকে ঢাকা নেয়ার পথে তাইফুরের মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছে নাসিরের পুত্র রাইয়ান (৯)। মৃত দুই জনের বাড়ি ডালবুগঞ্জ ইউনিয়নের সুগডুগি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নাসিরের বাড়িতে গাছ কাটতে ছিলো কয়েকজন শ্রমিক। এসময় গাছের সঙ্গে বাঁধা রশি টান দিয়ে শ্রমিকদের সাহায্য করতে যায় মামা ভাগ্নে। হঠাৎ গাছটি এসে তাদের শরীরে পড়লে তিনজনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষনা করে। পরে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তাইফুরের মত্যু হয়। এঘটনায় শোকের মাতম চলছে নিহতদের পরিবারে। শোকে মাতম গ্রামবাসিও।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের কায়সার বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।