
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫১

বরিশাল জেলা পর্যায়ে সিএনজি চালিত থ্রি-হুইলার চলাচল নিশ্চিতসহ পাঁচ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে চালক ও মালিকরা। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, জেলা সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহান সরদার, শ্রমিক নেতা কাউসার হোসেন ও হাসান জাহাঙ্গির, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আঃ মালেক হাওলাদার, মোহাম্মদ ইছা, সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, থ্রি-হুইলারে সিএনজি রিফিল করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় প্রবেশ করলেই চালকদের মামলা দেওয়া হয়। অল্প আয়ে এখন সংসার চালানোই দায়, সেখানে পুলিশী মামলার জরিমানা দিতে গিয়ে চরম বিপাকে পরছেন চালকরা। তাই বরিশাল জেলা পর্যায়ে সিএনজি চালিত থ্রি-হুইলার চলাচল নিশ্চিত করতে হবে। আন্তঃজেলা মহাসড়কের পাশে সার্ভিস রোড নির্মাণ জরুরী হয়ে পড়েছে। জেলায় লাইসেন্সসহ বিক্রিত গাড়ি সড়কে চলাচলের বিষয়ে নিশ্চিত না হলে গাড়ির শো-রুমের কিস্তি স্থগিত করতে হবে। এছাড়া জরুরী রোগ পরিবহণ ও গ্যাস রিফিল করার বিশেষ অনুমতির দাবি জানানো হয়।
