
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৮

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রক্তিম শীলও মারা গেছেন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ভোরে একই পিকআপ চাপায় নিহত হন তার পাঁচভাই। এ কয়েকদিন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনিও চলে গেলেন। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত আপন ৬ ভাইয়ের মৃত্যু হলো।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান রক্তিম সুশীল। হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহফুজুল কাদের সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
তাদের বাবা সুরেশের মৃত্যু হয় পাঁচ ছেলের মৃত্যুর ১০ দিন আগে। বাবার শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে ফেরার পথে নয় ভাইবোনের মধ্যে পাঁচভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন, অনুপম শীল (৪৭), নিরূপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। এ দুর্ঘটনায় রক্তিম ও প্লাবন দুইভাই এবং আরেক বোন হীরা আহত হন। এরমধ্যে রক্তিমের অবস্থা ছিল আশঙ্কাজনক।

গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজারের মালুমঘাট এলাকায় সবজি বোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান একই পরিবারের ৮ জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ ভাইয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দুই ভাই রক্তিম ও প্লাবন ও তাদের এক বোন। আশঙ্কাজনক অবস্থায় রক্তিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার সকালে মারা যান তিনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
