
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০:৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বুধবার দুপুরে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর।
অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এনামুল হক বলেন, দেশে পশু পালনে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রাও অর্জিত হওয়ার পথে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার বলেন, উন্নত জাতের গরু-ছাগল ও হাঁস-মুরগী পালন বৃদ্ধি করতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। উন্নত প্রজাতির পশু-পাখি পালনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়াই প্রদর্শনীর মূল লক্ষ্য।'
প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগীসহ বিভিন্ন ধরনের পাখি প্রদর্শন করা হয়।