
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ২:১০

পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামে গাছ চাপা পড়ে সুরাইয়া নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। ফুলবুনিয়া গ্রামের ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন মুন্সী জানান, গত ৭ ফের্রুয়ারি সুরাইয়ার মা তানিয়া বেগমের সাথে ফুলবুনিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় নানা আবদুর রহিম ভদ্র একটি গাছ কেটে কয়েকজনের সহায়তায় টমটমে তুলতে ছিলেন। এ সময় সুরাইয়া টমটমের পিছনে দাঁড়ানো ছিল। গাছটি টমটমে তোলার সময় অসাবধানতাবশত হাত থেকে ফসকে সুরাইয়ার ঘারের ওপর পড়ে। এতে তাঁর ঘার ভেঙ্গে যায়। মাথাও থেতলে যায়। এ ঘটনার পর স্থানীয়রা দ্রুত সুরাইয়াকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, গাছ পড়ার সাথে সাথে ঘটনাস্থলেই সুরাইয়ার মৃত্যু হয়েছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কামরুন্নাহার মিলি বলেন, 'গাছ পড়ে ওই শিশুটির ঘার ভেঙ্গে গেছে। মাথায়ও আঘাত লেগেছে। তা ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।' কলাপাড়া থানার উপ-পরিদর্শক শওকত জাহান বলেন, 'ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে। মৃতদেহ ময়নাতদন্ত করা হবে, না পরিবারের কাছে ময়না তদন্ত ছাড়াই হস্তন্তর করা হবে তা এখনই বলা যাচ্ছেনা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
