
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২, ১:২১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের কুঠিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে ডোবার পানি সেচে মাছ ধরতে যায় কুঠিবাড়ি গ্রামের এমদাদুল হক এন্তা (৬০) ও তার নাতি রাকেশ (৫)। এসময় তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। প্রত্যক্ষদর্শী মামুন জানান, একটি চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি এমদাদুল পানিতে এবং রাকেশ ডোবার তীরে পড়ে আছে। কে আগে বিদ্যুতায়িত হয়েছে তা বোঝা যায়নি।
তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, বিদ্যুতায়িতদের আত্মীয় স্বজন প্রথমে রাকেশকে ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে এমদাদুলকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে তাকেও মৃত ঘোষণা করে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাইমা হক জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুতায়িত শিশুটির মৃত্যু হয়েছিল।ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তি ও তার নাতি মৃত্যু বরণ করেছেন। অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
