
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ৩:২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ৩ ইউপিতে আগামীকাল ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়।
আগামীকাল ৩১ জানুয়ারি সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রিজাইডিং কর্মকর্তারা ভূরুঙ্গামারী সরকারি কলেজ কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জামাদি বুঝে নিয়ে পুলিশ পাহারায় নির্ধারিত কেন্দ্রে নিয়ে যান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, ভোট গ্রহণের জন্য ৩৭টি কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে যদি ছোটখাটো ত্রুটি দেখা দেয় তা সমাধানের জন্য প্রতি কেন্দ্র দুইজন করে প্রশিক্ষণ প্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তা থাকবেন।
রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পরিবেশ স্বাভাবিক রয়েছে। স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স, টহল বাহিনী, সবই থাকবে। পাশাপাশি র্যাব, বিজিবি, পুলিশ, আনসার থাকবেন।


ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৫ জন প্রার্থী। সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থীর সংখ্যা ৪২ জন। আর সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০১ জন।
তিন ইউনিয়নে ৩৭টি ভোটকেন্দ্র রয়েছে। সবকটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। তিন ইউনিয়নে ভোটার রয়েছেন ৭০ হাজার ৩৭৭ জন।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, সুষ্ঠু ভাবে ভোট গ্রহণের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।