
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ১৬:৩৭

ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামেরদী নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো, ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪০)। সে ভাঙ্গা উপজেলার সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজসেবা অফিসার হিসাবে কর্মরত ছিলেন। অপরজন ওয়াহিদুজ্জামান বাবু মির্জা (৩৫)। তিনি ভাঙ্গা উপজেলার পৌরসভার নওপাড়া গ্রামের আব্দুর রসিদ মির্জার ছেলে। সে সমাজসেবা অফিসে খণ্ডকালীন কাজ করতেন।
ভাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নিহত আনোয়ার ও তার স্ত্রী আমার অফিসের ইউনিয়ন সমাজসেবা অফিসার হিসাবে কর্মরত। ছেলে-মেয়ে নিয়ে ভাঙ্গাতেই বসবাস করতেন। নিহত আনোয়ারের মা ফরিদপুর শহরে বসবাস করেন। শুক্রবার সন্ধ্যায় নিজের মোটরসাইকেলযোগে বাবু মির্জাকে সাথে নিয়ে মায়ের সাথে দেখা করার জন্য ফরিদপুরের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে হামেরদী নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানায়, মোটরসাইকেল আরোহীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। অপরজনকে আহত অবস্থায় স্থানীয় জনতা প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি