
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ৩:১৬

‘বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ ঘোচায় দৈন্য, আনে সুদিন' এই প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুদ মুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভা কক্ষে ভূরুঙ্গামারী সমাজসেবা কার্যালয় থেকে ৪০ জন উদ্যোক্তাকে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। এ সময় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন উপস্থিত ছিলেন।
সুদ মুক্ত ক্ষুদ্রঋণ গ্রহীতা জয়মনিরহাট ইউনিয়নের উম্মে কুলসুম বলেন, ঋণ পাওয়ায় উপকার হয়েছে। এই টাকা দিয়ে গরু কিনে লালন-পালন করব। শিলখুড়ি ইউনিয়নের সাইফুর রহমান বলেন, ঋণের টাকা দিয়ে ব্যবসা শুরু করব।

ভূরুঙ্গামারী সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন জানান, সুদ মুক্ত ক্ষুদ্রঋণ নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করবে। এই ঋণ নতুন উদ্যোক্তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাবে এবং দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।