
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২১, ১:৪০

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়ন সৈয়দ টুলা গ্রামের জাফর খালের উপর 'ঘরের পার' ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ব্রিজের ঢালাই উঠে রড বের হয়ে গেছে, তাতে ব্রিজে দাড়িয়ে খালের পানি দেখা যায়। দীর্ঘিদিন এ অবস্থার সৃষ্টি হলেও সংস্কার করা হয়নি। ফলে এ ব্রিজ দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এদিকে ব্রীজের পাশে রয়েছে সৈয়দটুলা উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিজটি ছোট হলেও এর উপর দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ আর যানবাহন চলাচল করছে। তবে গুরুত্বপূর্ণ এই ব্রিজটিতে গর্ত থাকায় এখন রিকশা চলাচল করতে পারে না। সেই সাথে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনাও। তাছাড়া রাতে ব্রিজটি পার হতে আলাদাভাবে সতর্ক থাকতে হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ব্রিজটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমনকি গর্ত হয়ে গেছে মাঝখানে। ঝুঁকিপূর্ণ ব্রিজটি পুনর্নির্মাণের জন্য দাবী জানাচ্ছি। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ‘ব্রিজটি দিয়ে রাতে চলাফেরা করতে অনেক ভয় লাগে। বিশেষ করে মোটরসাইকেল নিয়ে রাতে চলাচল করতে ভয় লাগে, যদি গর্তের মধ্যে পড়ে যাই।’

স্থানীয় বাসিন্দা মো. দুলাল মিয়া বলেন, ব্রিজটি খুব গুরুত্বপূর্ণ। ঝুঁকিপূর্ণ অবস্থায় কিছু দিন আগে আমরা ব্রিজের গর্তে লোহার জালি দিয়েছি। জনপ্রতিনিধি আসে আর যায় কারো যেন মাথাব্যথা নেই। এভাবে ব্রিজটি পড়ে থাকলে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’

এ বিষয়ে সরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এ প্রতিধিনি'কে বলেন, এই ব্রিজ নতুন করে নির্মাণের প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে জনগণের যাতে কষ্ট না হয়, ব্রিজের গর্ত বরাট করে দেওয়া হবে।