
প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ২০:৪২

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।বুধবার সকাল সাড়ে ১০টা দিকে রাজবাড়ী যাবার পথে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পরিদর্শন করেন এবং ঘাটের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। এ সময় পাটুরিয়া ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে পুলিশের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
এ সময় ডিআইজি হাবিবুর রহমান বলেন, পদ্মা সেতুর পিলারের সাথে সম্প্রতি কয়েক বার ফেরির ধাক্কা লাগে। এ কারণে শিমুলিয়া- বাংলাবাজার নৌ-রুটে ভারী যানবাহন পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।যে কারণে এ রুটের যানবাহনের চাপ বেড়েছে।
এ ছাড়া ১১ আগষ্ট বুধবার থেকে লকডাউন শিথিলের কারণে যাত্রীবাহী যানবাহনের চাপও রয়েছে। ঘাটে যানবাহনের চাপ সামাল দিতে বিআইডাব্লিউটিএ ও বিআইডাব্লিউটিসির সাথে সমন্বয় করে পুলিশ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর প্রমুখ।
