
প্রকাশ: ১ জুলাই ২০২১, ০:২৯

কঠোর লকডাউনের প্রথম দিন সকালে বরিশাল নগরের রাস্তায় পন্য ও জরুরীসেবার পরিবহন ছাড়াও মোটরসাইকেল ও রিক্সার চলাচল তুলনামুলক বেশি দেখা গেলেও, বৃষ্টি শুরুর পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। যদিও বেলা বাড়ার সাথে সাথে নগরে ব্যাটারিচালিত রিক্সা চলাচল করতে দেখা যায়নি।
বৃহষ্পতিবার (০১ জুলাই) বেলা পৌনে ২ টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয় বরিশালে। এর কিছুসময় পরে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। বেলা সাড়ে ৩ টা পর্যন্ত মৃষলধারে বৃষ্টিপাত হয়।
এছাড়া বৃষ্টি শুরুর পর প্রয়োজনে ও অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষগুলোকেও সড়কে দেখা যায়নি।
স্থানীয় একটি পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ মেহেদি হাসান জানান, সকালে নগরের রাস্তাঘাটে পণ্য ও জরুরী সেবার গাড়ি ছাড়াও রিক্সা ও মোটরসাইকেলের চলাচল দেখাগেছে। তবে দুপুরে বৃষ্টি শুরুর পর রাস্তাঘাট একবারেই ফাঁকা হয়ে যায়। এককথায় বৃষ্টি লকডাউনকে পুরোপুরি সফল করেছে। এভাবে হয়তো আইন-শৃঙ্খলা বাহিনীও পারতো না।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক প্রণব কুমার রায় জানান, বর্তমান সময়টা বৃষ্টিপাত হওয়ার। কখনো একটানা আবার কখনো বিরতি দিয়ে বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২ টা থেকে সোয়া ৩ টা পর্যন্ত বরিশালে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকানপাট খোলা থাকলেও অন্যান দোকানপাট ও শপিংমল বন্ধ রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, করোনা ভাইরাস "covid-19" এর সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে বৃহষ্পতিবার ভোর ছয়টা থেকে বরিশাল মহানগরের সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শুন্য সহিষ্ণু অবস্থানে থেকে চেকপোস্ট পরিচালনা করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
সকাল ১০ টারদিকে লকডাউন বাস্তবায়নে বিএমপি'র সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এসময় চেকপোস্ট গুলোর কার্যক্রম সরেজমিনে তদারকি করেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার । এসময় তিনি চেকপোস্টে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদেরকে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কঠোর অবস্থানে থেকে লকডাউন বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।
এছাড়া জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, সকাল থেকে নগরে তিনটি ভ্রাম্যমান আদালত তাদের কার্যক্রম পরিচালনা করছে।