
প্রকাশ: ২৩ জুন ২০২১, ৩:১৫

বরিশালে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৩ জুন) বিকেল তিনটার দিকে নগরীর আমতলা এলাকা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার ডাক্তার বাড়ির বাসিন্দা নিতাই বিশ্বাসের ছেলে বিদ্যুৎ বিশ্বাস (৩৫) এবং বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার বাসিন্দা রাব্বি (২৫)।
এদের মধ্যে বিদ্যুৎ বিশ্বাস জিলেট কোম্পানির ডিলার এবং বাপ্পি তার বিক্রয় প্রতিনিধি।
এদিকে এ ঘটনায় ট্রাকচালক রবিউল শেখ (৩৫)কে ঘাতক ট্রাকটিসহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।
তিনি জানান, মোটরসাইকেলটিসহ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহদুটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম স্বজনদের বরাত দিয়ে বিএসএল নিউজকে বলেন, ‘বিদ্যুৎ বিশ্বাস জিলেট কোম্পানির ডিলার এবং নিজেই অর্ডার সরবরাহ করতেন। বুধবার বিক্রিয়কর্মী রাব্বিকে সাথে নিয়ে অর্ডারের মালামাল সরবরাহ দিয়ে মোটরসাইকেল (ঢাকা মেট্রো হ-৪৩-১৭২০) যোগে রূপাতলী বাসস্ট্যান্ডের দিক থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে সিঅ্যান্ডবি সড়কে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন আমতলার মোড়ে এলপি গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৫৫১৫) অতিক্রমের চেষ্টা করেন তারা। এসময় অপরদিক থেকে গাড়ি এসে পড়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এসময় ওই ট্রাককটি তাদের দুজনকেই চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসআই রেজাউল ইসলাম বলেন, ‘ঘটনার পর পরই স্থানীয় ঘাতক ট্রাক এবং তার চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এছাড়া স্বজনরা নিহতদের পরিচয় শনাক্ত করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান তিনি।
এদিকে প্রতক্ষ্যদর্শীরা জানান, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি নগরের রুপাতলী থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো।
মোটরসাইকেলে ২৩-২৪ বছরের যুবক বয়সী ওই আরোহী দুজনও একই দিকে যাচ্ছিলো। আমতলার মোড়ে ট্রাক ও মোটরসাইকেলটি একে অপরকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের পেছনের বাম চাকার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
সড়ক দুর্ঘটনার পর জনগুরুত্বপূর্ণ ওই সড়কটিতে আধঘন্টার বেশি সময় ধরে যান চলাচল ব্যহত হয়।পরে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।