
প্রকাশ: ১০ জুন ২০২১, ১৫:৩২

দিনাজপুরের বিরামপুরে আলুর বস্তার ভিতরে অভিনব কৌশলে ফেন্সিডিল পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। বুধবার (৯ জুন) রাত ৮টার সময় উপজেলার অবসর মোড় থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী বিরামপুর পৌরসভার ভবানীপুর (মুন্সিপাড়া) গ্রামের মোকছেদ আলীর ছেলে সায়েদ আলী (৪০)।বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, বিরামপুর থানাকে শতভাগ মাদক মুক্ত করতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসাবে গতকাল বুধবার রাত ৮টায় গোপন সংবাদে জানতে পারি দু’জন মাদক ব্যবসায়ী সীমান্ত থেকে মাদক নিয়ে বিরামপুর পৌর শহরের অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করলে একজন পালিয়ে যায় এবং সায়েদ আলী নামে এক জনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা আলুর বস্তার ভেতর থেকে ৫০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার (১০ জুন) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।