
প্রকাশ: ২৭ মে ২০২১, ১৪:৪৯

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর ১নং ওয়ার্ডে খোকন তালুকদারের ইটভাটার অবৈধ বিদ্যুতের তারে জড়িয়ে বাবা আবুল কাশেম হাওলাদার(৫০) এবং ছোট ছেলে মোক্তার হোসেন(২২) এর করুণ মৃত্যু হয়েছে। এসময় তাদের উদ্ধারে জন্য গিয়ে বড় ছেলে মনির হোসেন(২৫) আহত হয়েছেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, ২৭ মে বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টায় আবুল কাশেম হাওলাদার নিজ বাড়ি থেকে ছাগল নিয়ে বাড়ির কাছেই খোকন তালুকদারের ইটভাটায় যায়। কিছুক্ষণ পরে একটি শব্দ শুনতে পেয়ে আশেপাশের লোকজন কাছে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার আবুল কাশেমের শরীরে জড়িয়ে আছে।

তা দেখে ছোট ছেলে মোক্তার হোসেন বাড়ি থেকে বাঁশ নিয়ে বাবাকে উদ্ধারে গেলে সেও সেই তারে জড়িয়ে যায়। তাদের দু'জনকে উদ্ধারে বড় ছেলে মনির হোসেন গেলে সেও তারে জড়িয়ে আহত হয়। তাদের তিনজনকে ঘটনার স্থান থেকে এলাকার লোকজন উদ্ধার করে হিজলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা আবুল কাশেম হাওলাদারকে এবং ছোট ছেলে মোক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান ঘটনার পরই ইটভাটার স্থান থেকে সকল অবৈধ বিদ্যুতের তার সরিয়ে ফেলে ঘটনার স্থানের আলামত নষ্ট করেছে খোকন তালুকদারের ইটভাটার লোক আলতাব হাওলাদার। উক্ত ঘটনার পরে হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার ঘটনার স্থান পরিদর্শন করেন।