
প্রকাশ: ২০ মে ২০২১, ১৪:৪৫

রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে কৃষি জমি থেকে বেকু দিয়ে মাটি কাটার অপরাধে ৪ টি ড্রাম ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।সেইসাথে ড্রাম ট্রাকের মালিকদের সাজা হিসেবে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন ট্রাক মালিক মোঃ রানা (৩৮), মোঃ মুনজু (৩৫), তাহাজ্জুত হোসেন সুমন (৫২) ও জাহাঙ্গীর হোসেন (৪৭)। এদের প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার টাকা করে জরিমানার অর্থ আদায় করা হয়। এরা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল । মাটি বিক্রি করে তারা হাতিয়ে নিচ্ছিল লক্ষ লক্ষ টাকা ।
বুধবার (১৯ মে) বিকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট সংলগ্ন মরা পদ্মা এলাকায় অভিযান চালিয়ে এ পদক্ষেপ নেয় ভ্রাম্যমাণ আদালত।গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
জানা গেছে, সাজাপ্রাপ্তরাসহ সংঘবদ্ধ একটি চক্র বেশ কিছুদিন ধরে উপজেলার পদ্মা নদীর ভাঙ্গন কবলিত ওই এলাকা হতে রাতের আধারে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল।এভাবে চক্রটি হাতিয়ে নিচ্ছিল লক্ষ লক্ষ টাকা।


এদিকে এভাবে অবাধে নদী তীরবর্তী কৃষি জমির মাটি কেটে বিক্রি করায় স্হানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। মাটিবাহী ড্রামট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় সড়ক-মহাসড়কে ইতিপূর্বে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। এ কারনে ইটভাটা মালিকদের তাদের ট্রাক চলাচলের বিষয়ে সতর্ক করা হয়। এরপরও গভীররাতে ড্রাম ট্রাকে পরিবহন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম বলেন,অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে বেকু দিয়ে মাটি উত্তোলন প্রতিরোধ ও সড়কে জানমালের নিরাপত্তা ও সড়কের ক্ষতিরোধ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। অভিযানে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ভিত্তিতে অভিযুক্তদের কাছ থেকে সর্বনিম্ন জরিমানা আদায় ও মুচলেকা সহ সতর্ক করা হয়।এ চক্রের অপর সদস্যদের খোঁজা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।