
প্রকাশ: ১১ মার্চ ২০২১, ১৭:৩৪

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, 'রেলওয়ের সেবার মান নিয়ে কারো কোন অভিযোগ থাকবে না। চলতি বছর ৫০টি রেলস্টেশনকে আধুনিকায়ন করা হবে, প্ল্যাটফর্মের সংখ্যা বৃদ্ধি ও উচু করা হবে। রেলসেবার মান বাড়াতে বর্তমান সরকার প্রতিনিয়ত বিভিন্ন রুটে নতুন ট্রেন ও রেক সংযোজন করছে'।
বৃহস্পতিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনে ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে চলাচলকারী আন্ত নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে নতুন কোচ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, 'উন্নয়নের নীতিতে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। তাই বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছাবে'।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর এমপিসহ আরও অনেকেই ।জানা গেছে, আন্ত নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ১৬টি কোচ নিয়ে চলাচল করবে। এর মোট আসনসংখ্যা ৭৯৫টি।

উল্লেখ্য, ইতিপূর্বে জামালপুর-ঢাকা রুটে চলাচলকারী তিস্তা এক্সপ্রেস ট্রেনে লাল সবুজের নতুন রেক যুক্ত করা হয় এবং জামালপুরের পঞ্চম আন্ত:নগর ট্রেন হিসেবে লাল সবুজ রেক নিয়ে জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু করে। জামালপুরে নতুন লাল সবুজ রেক নিয়ে তৃতীয় আন্ত:নগর ট্রেন হিসেবে ব্রহ্মপুত্র ট্রেনের যাত্রা শুরু হল।