প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৯:৪৩

চলতি বিশ্বকাপে আবারও আলোচনায় উঠে এসেছেন ঘানার আলোচিত ওঝা কোয়াকু বনসাম। এর আগে ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইনকে নিয়ে করা তার ভবিষ্যদ্বাণী মিলেছিল বলে দাবি ওঠার পর এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে নতুন মন্তব্য করেছেন তিনি।
বনসামের দাবি, বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে লিওনেল স্কালোনির দল। তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যে ফুটবল অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখেই নিজের ভবিষ্যদ্বাণী প্রকাশ করেন বনসাম।
এর আগে গ্রুপপর্বে ইংল্যান্ড ও ঘানার ম্যাচের আগে হ্যারি কেইনকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি। সে সময় দাবি করেছিলেন, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তিনি এমন ব্যবস্থা করবেন যাতে কেইন গোল করতে না পারেন।
কাকতালীয়ভাবে সেই ম্যাচে গোলশূন্য ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচটিও শেষ হয় ০-০ সমতায়। বিশ্বকাপে সেটিই ছিল কেইনের একমাত্র গোলহীন ম্যাচ হওয়ায় বনসামের দাবি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরে বনসাম নিজেই জানান, তিনি নাকি কেইনের ওপর থেকে তার করা আধ্যাত্মিক প্রভাব সরিয়ে নিয়েছেন। এরপর পানামার বিপক্ষে ম্যাচে গোল করেন ইংলিশ এই তারকা স্ট্রাইকার। এমনকি তিনি এক সন্তানের নাম ‘হ্যারি’ রাখার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন।
এবার তার লক্ষ্য আর্জেন্টিনা। বনসামের ভাষ্য অনুযায়ী, কেপ ভার্দেই বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ের কারণ হবে। যদিও এসব দাবি বা ভবিষ্যদ্বাণীর পক্ষে কোনো বৈজ্ঞানিক বা প্রমাণভিত্তিক তথ্য নেই এবং এগুলো মূলত ব্যক্তিগত বিশ্বাস ও মতামতের বিষয়।
এখন ফুটবলপ্রেমীদের দৃষ্টি ৪ জুলাইয়ের ম্যাচে। কেপ ভার্দে কি সত্যিই বড় চমক দেখিয়ে আর্জেন্টিনাকে বিদায় করবে, নাকি বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে পরের পর্বে উঠবে—তার উত্তর মিলবে মাঠের খেলাতেই।