
সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যেই নতুন করে পাঁচটি বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি জানান, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ওপর বিকেল ৩টার দিকে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়েছে। এটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
তার পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে ঝড়টি বাংলাদেশে প্রবেশ করতে পারে এবং প্রথমে খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে এর প্রভাব পড়বে।
পরবর্তীতে ঝড়টি বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের দিকেও অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব এলাকায় তুলনামূলকভাবে শক্তিশালী ঝড় ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও বলা হয়েছে, দেশের আটটি বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিপাতের পাশাপাশি দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে বায়ুমণ্ডলের অস্থিরতা বাড়ায় কালবৈশাখীর প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ঝড়ের সময় বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় সবাইকে নিরাপদ স্থানে থাকার এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।