
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ৪:৫১
কে হচ্ছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক, এই বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। অনেকের নামই আলোচিত হচ্ছে। এই মুহূর্তে দলের নেতাকর্মীর মধ্যে সব আলোচনা, পর্যালোচনা সাধারণ সম্পাদক পদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কে পাচ্ছেন দলের এই দ্বিতীয় শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদটি, তা কেবলমাত্র আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জানেন। বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরই বহাল থাকছেন, নাকি নতুন কেউ আসছেন এ পদে সবখানে ঘুরপাক খাচ্ছে এ প্রশ্ন। সমাধান খুঁজতে সবার দৃষ্টি এখন শনিবারের কাউন্সিলের দিকে।
সভাপতি অর্থাৎ দলের শীর্ষ পদে এবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা থাকছেন। দলের সর্বস্তরের নেতাকর্মী ও কাউন্সিলররা শেখ হাসিনার বিকল্প ভাবছেন না। কাউন্সিলে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম ঘোষণা এখন আনুষ্ঠানিকতা মাত্র। এ কারণে সবার প্রধান আকর্ষণ সাধারণ সম্পাদক পদটির দিকে।
আওয়ামী লীগের এই দ্বিতীয় সর্বোচ্চ পদে আলোচনার শীর্ষে রয়েছেন দলের বর্তমান সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার পাশাপাশি আরো কয়েকজন দলটির হাইকমান্ডের সক্রিয় বিবেচনায় রয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, আইন সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুরের সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব